নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, ঢাকায় ১০টি রুটে ১০টি, চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলবে। মোট ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে শুরু হয়েছে এ বিশেষ পরিবহনসেবা।
তিনি বলেন, নারী যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ভবিষ্যতে ‘পিংক বাস’ সেবার পরিধি আরও বাড়ানো হবে। পর্যায়ক্রমে নতুন রুট যুক্ত করার পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নারীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে এই বাসে চলাচল করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন পরিবহনমন্ত্রী।