ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কী স্ট্যাটাসে আছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে ইতোমধ্যে প্রত্যর্পণের আবেদন করেছে বাংলাদেশ। তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে।
ভারতের একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে—এমন খবরের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ওই প্রতিবেদনে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না বা তার বর্তমান আইনি অবস্থান কী, তা স্পষ্ট করা হয়নি। ফলে প্রতিবেদনটির ভিত্তিতে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে ঠিক কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, তা বাংলাদেশ এখনো নিশ্চিতভাবে জানে না। তাই ভারতীয় আদালতের অনুমতির বিষয়টি কীভাবে প্রযোজ্য হবে, সেটিও পরিষ্কার নয়।
এ সময় সালাহউদ্দিন আহমেদের ভারতে অবস্থানের প্রসঙ্গ উঠলে আমিনুল ইসলাম জানান, তার সঙ্গে শেখ হাসিনার বিষয়টির কোনো সম্পর্ক নেই। ২০১৫ সালে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়ার পর ভারতের শিলংয়ে সালাহউদ্দিন আহমেদকে পাওয়া যায়। পরে মামলায় খালাস পেয়ে তিনি দেশে ফিরে আসেন।
এদিকে জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আন্দোলনে তাদের ভূমিকার কারণে বিপুল প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে দাবি করে তিনি বলেন, এসব অপরাধের দায় আসামিদের নিতে হবে।