শারীরিক অসুস্থতায় ভুগছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পা অবশ হয়ে যাওয়ায় বর্তমানে তার চলাফেরা সীমিত। এ কারণে আপাতত বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রতিদিনকে নিজের শারীরিক অবস্থার কথা জানান সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, হাঁটাচলা করতে বেশ কষ্ট হচ্ছে এবং পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে গুলশানের বাসায় পরিবারের সঙ্গে অবস্থান করছেন মো. সাহাবুদ্দিন। তিনি জানান, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজন হলে বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও নিচ্ছেন।
গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এর দুই দিন পর বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় ওঠেন তিনি।
এদিকে তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছর মেয়াদি তার দায়িত্বের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।