প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চললেও সফরের আগে অনুকূল পরিবেশ নিশ্চিত করতে দিল্লির কাছে তিনটি শর্ত তুলে ধরেছে ঢাকা।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছিল। তবে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য কর্মকাণ্ডের কারণে এ প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
ঢাকার অবস্থান তুলে ধরে একেএম শহীদুল করিম বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ এবং সফরের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা—এই তিনটি বিষয় সমাধান হলেই প্রধানমন্ত্রীর ভারত সফরের পথ সুগম হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর তাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।