জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট বিচারাধীন মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তবে বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রাখা হবে এবং কোনো ধরনের তাড়াহুড়ো করা হবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে ট্রাইব্যুনালে জুলাই-সংশ্লিষ্ট ২০টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার বিচার দ্রুত শেষ করার পাশাপাশি স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করাই মূল লক্ষ্য।
আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। দ্রুত নিষ্পত্তি সম্ভব হলেও তা বিচারপ্রক্রিয়ার মান ও জনআস্থার ওপর প্রভাব ফেলতে পারে, তাই আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আদালতের রায় কার্যকর করতে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে আসামি বাছাইয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে চিফ প্রসিকিউটর জানান, তদন্তকারী কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করছেন। তদন্তে কোনো অসঙ্গতি পাওয়া গেলে তা পুনঃতদন্তের জন্য পাঠানো হয়।
তিনি আরও জানান, দেশজুড়ে জুলাই-সংশ্লিষ্ট ৫০৯টি ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। তদন্ত শেষ হওয়া ঘটনাগুলো পর্যায়ক্রমে ট্রাইব্যুনালে বিচারের জন্য আনা হচ্ছে।