আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাথমিক সূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক পৌঁছাবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। সফরকালে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তার সম্মানে একটি নাগরিক সংবর্ধনারও আয়োজন করা হবে।
সফরের শেষ দিকে তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সফর হবে ৮ থেকে ১০ দিনের।
এদিকে, দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তাকে স্বাগত জানাতে নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি চলছে।
বিশ্লেষকদের মতে, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী অধিবেশনে ভাষণ দেবেন এবং একজন বাংলাদেশিই সভাপতির দায়িত্ব পালন করবেন, যা আন্তর্জাতিক কূটনীতিতে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সফরের প্রস্তুতি চললেও চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।