স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার বাহিনী নয়। সংবিধান ও আইনের প্রতি অনুগত থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব।
রোববার (২ আগস্ট) রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (প্রথম পর্যায়) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশকে আধুনিক প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। পাশাপাশি সততা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে একটি মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে।
তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় তাদের অভিনন্দন জানান। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আইজিপি আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমানসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।