আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় সারা দেশে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলে থাকা গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে আসতে পারে।