ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। রোববার (২৬ জুলাই) একাধিক রাষ্ট্রীয় কর্মসূচির মধ্য দিয়ে তার কার্যক্রম শুরু হবে।
দিনের শুরুতে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
এসব কর্মসূচি শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে ফিরে নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
এদিকে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার দুপুরের মধ্যে বঙ্গভবন ছাড়বেন। পরে তিনি গুলশানে নিজের ফ্ল্যাটে উঠবেন। তার আগমন উপলক্ষে সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।