ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং কিছু সময় স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন।
তার সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় দায়িত্ব পালন করেন। এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।