আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলা সমীচীন হবে না। নতুন রাষ্ট্রপতি কে হবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সময়ই তা বলে দেবে।”
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণে নির্ধারিত সময়ের আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তার দায়িত্বকালে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে এবং তিনি তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়ে একটি ব্যতিক্রমী নজির স্থাপন করেন।