স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বঙ্গভবনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবারই তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তাও জানিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে প্রস্তুতি চলছে। শুক্রবার দুপুরের দিকে পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হতে পারে বলে জানা গেছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় সময় লাগলে স্পিকার সাময়িকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন বলেও আলোচনা রয়েছে।
এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রপতির পক্ষ থেকেই আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মোঃ সাহাবুদ্দিন। একই বছরের ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি হৃদরোগজনিত সমস্যায় বিদেশে চিকিৎসা নিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর তিনি অন্তর্বর্তী সরকারকে শপথ পড়ান।