রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিক নিয়ম মেনে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য বা সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বাস্থ্যগত কারণসহ যেকোনো কারণে রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে আমরা কিছু জানি না।”
তিনি আরও বলেন, কোনো বিষয় নিয়ে আলোচনা বা গুঞ্জন থাকলেই সেটিকে নিশ্চিত ঘটনা হিসেবে ধরা যায় না। যদি কোনো ঘটনা ঘটে, তখন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি শুধু গুঞ্জন নয়, গণমাধ্যমেও এসেছে বলা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকেই জানতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ বা বক্তব্য নেই। গণমাধ্যমে প্রকাশিত খবর ও বিভিন্ন আলোচনা তিনিও শুনেছেন।