হরমুজ প্রণালির অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের খাদ্য উৎপাদন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়। বর্তমানে দেশে থাকা মজুদ দিয়ে আগামী অক্টোবর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হলেও দীর্ঘমেয়াদি সরবরাহ সংকট তৈরি হলে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ডব্লিউএফপি জানায়, আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। পাশাপাশি গ্যাস সংকটের কারণে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত ইউরিয়া কারখানার মধ্যে তিনটিতে উৎপাদন বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সার সরবরাহে বড় ধরনের সমস্যা হলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এতে দেশের প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকি রয়েছে।