জাতীয় সংসদে হামের টিকাদান কর্মসূচির সময়সূচিতে পরিবর্তনের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করে আগামী ২০ এপ্রিল থেকেই সারাদেশে একযোগে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে।
বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রুমিন ফারহানা-র এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বর্তমানে হামের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে কোনো সংকট নেই। ইতোমধ্যে মোট ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে, পাশাপাশি আরও মজুত রাখা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে টিকা পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠেছিল। তবে সরকার এখন সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, দুর্নীতি ও দীর্ঘসূত্রতা এড়াতে এবার প্রচলিত টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি UNICEF থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। এতে করে দ্রুত ও স্বচ্ছভাবে টিকা সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
এর আগে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান শুরু হওয়ার কথা ছিল এবং ৩ মে থেকে তা সারাদেশে সম্প্রসারণের কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময় এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই দেশব্যাপী এই কর্মসূচি শুরু করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী এ সময় হামের টিকা নিয়ে অপ্রয়োজনীয় আতঙ্ক না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।