সারাদেশে হাম সংক্রমন মোকাবেলায় আগামী ৩ মে থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। এর আগে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সহ ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশে হামের যে আবির্ভাব ঘটেছে তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অতীতের সরকার নিয়ম মেনে টিকা দেয়নি বলে হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে। যা করোনার মহামারির চেয়েও কম ঝুকিপূর্ণ নয়। বর্তমানে সারাদেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় টিকা দেয়া হচ্ছে।
এছাড়াও স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় সব শিশু জীবন ঝুঁকিতে রয়েছে। এই টিকাদান কর্মসূচির মধ্য দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দেশের সকল শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।