ক্যারিবীয় দেশ হাইতির গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল আর্টিবোনিতে সশস্ত্র গ্যাং হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা ডিফঁসার প্লাস জানিয়েছে, আহত হয়েছেন আরও ৩০-এর বেশি মানুষ এবং শত শত ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। হামলার ফলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, রোববার ভোরে জঁ-দেনি এলাকার আশপাশের গ্রামগুলোতে হঠাৎ হামলা চালায় গ্যাং সদস্যরা। তারা বাড়িঘরে আগুন ধরিয়ে লুটপাট চালায় এবং নির্বিচারে গুলি বর্ষণ করে। এই সহিংসতা সোমবার ভোর পর্যন্ত চলেছে। ডিফঁসার প্লাস জানিয়েছে, প্রায় ৬ হাজার মানুষ নিরাপদ স্থানে পালাতে বাধ্য হয়েছেন।
সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সরকারি হিসাবের তুলনায় নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি। প্রাথমিক সরকারি রিপোর্টে ১৬ জন নিহত হিসেবে বলা হয়েছিল। এতে মানবিক সংকট গভীর হচ্ছে, কারণ অনেক মানুষ খাদ্য, পানি ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত।
ডিফঁসার প্লাস এবং ‘কালেকটিভ টু সেভ দ্য আর্টিবোনিত’ এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনীর যথাযথ প্রতিক্রিয়ার অভাব এবং এলাকার ওপর গ্যাং নিয়ন্ত্রণের কারণে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতা, দুর্বল রাষ্ট্রীয় কাঠামো এবং দারিদ্র্যই হাইতির গ্যাং সহিংসতার মূল কারণ।
জাতিসংঘও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতের সঠিক সংখ্যা নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানানো হয়েছে।