ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সমগ্র ইরানে শোক এবং স্তব্ধতা নেমে আসে। তার হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আজ রোববার (১ মার্চ) রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতে প্রেসিডেন্ট মাসুদ এই হত্যাকাণ্ডকে মহা অপরাধ আখ্যা দিয়ে বলেন, এই জঘন্য কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। অবশ্যই ইরান এর প্রতিশোধ নেবে। এই কর্মকাণ্ডের জবাব না নিয়ে ইরান চুপ থাকবে না। তিনি আরও বলেন, সর্বোচ্চ নেতার শরীর থেকে ঝরা পবিত্র রক্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অত্যাচার ও অপরাধের চিহ্ন মুছে দেবে। মুক্তিকামী মানুষের অভয় সমর্থনে ইরান তার পূর্ণ শক্তি ও দৃঢ়তা নিয়ে এই অপরাধের পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহন করবে যেন তারা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়।
অন্যদিকে, বার্তা সংস্থা ফার্স এর প্রকাশিত আইআরজিসি এক বিবৃতিতে বলে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার শোকে মুহ্যমান। হামলাকারীদের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও জঘন্য অ্যাখ্যা দিয়ে আরও বলা হয়, নিষ্ঠুর সন্ত্রাসী ঘৃন্য ব্যাক্তিদের দ্বারা শহীদ হওয়া এই মহান নেতার বৈধতার প্রমাণ এবং তার আন্তরিক সেবার প্রতি জনগণের স্বীকৃতির নিদর্শন।
আইআরজিসি কঠোর সতর্কার্তা দিয়ে বলে, এর প্রতিশোধ না নিয়ে তারা ক্ষান্ত হবে না। এ জাতির প্রতিশোধের হাত হামলাকারীদের ছাড়বে না।