আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার সময় প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি ঘাড়ে আঘাত পাওয়ায় চিকিৎসার জন্য আদালতে আবেদন করার নির্দেশ দিয়েছেন তাঁর আইনজীবীকে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এদিন জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির তারিখ নির্ধারিত ছিল।
তবে তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি, যা মঞ্জুর করেন আদালত। শুনানি শেষে পলক তার আইনজীবীকে জানান, গত রোববার (২৬ এপ্রিল) ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে থাকা অবস্থায় একটি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, অন্য একটি গাড়ির সঙ্গে প্রিজনভ্যানের সংঘর্ষ হলে তিনি ঘাড়ে আঘাত পান। এ কারণে তিনি এমআরআইসহ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের অনুমতি চেয়েছেন। পাশাপাশি ঘাড়ে ব্যবহারের জন্য একটি সাপোর্ট বেল্টেরও আবেদন করতে বলেছেন।
আইনজীবী জানান, এ বিষয়ে শিগগিরই আদালতে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হবে।