স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনকি তাঁর নিজ স্ত্রীও এই কার্ড পাবেন।
মঙ্গলবার (১০ মার্চ) রহিমানপুর ইউনিয়নের ঈদগাঁ মাদ্রাসা মাঠে পাইলট প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যের হাতে কার্ড তুলে দেওয়া হবে। ধীরে ধীরে দেশের সব পরিবার এই কর্মসূচির আওতায় আসবে এবং এতে সমাজের সব স্তরের মানুষ অন্তর্ভুক্ত হবেন।
ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীদের ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার। একই সঙ্গে সরকারের অন্যান্য উদ্যোগের মধ্যে কৃষকদের ঋণ মওকুফ, খাল খনন ও যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।