শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার সুযোগ নেই। মেলা প্রাঙ্গণ ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মেলায় কোনো উসকানিমূলক বই থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, মেলায় তিন স্তরের নিরাপত্তা থাকবে। গোয়েন্দা সংস্থার সদস্যরা ২৪ ঘণ্টা মেলা এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়া, মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে থাকবে।
বইমেলার ভেতরে এবং আশপাশে পর্যাপ্ত পুলিশ সদস্য সাদা পোশাকে এবং ইউনিফর্মে দায়িত্ব পালন করবেন। ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট কমাতে মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় ডাইভারশন ব্যবস্থা থাকবে।
মো. সরওয়ার আরও উল্লেখ করেন, ধারালো ও বিস্ফোরক দ্রব্য নিয়ে মেলায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তা তদারকিতে কড়াকড়ি বজায় রেখে মেলা নিরাপদ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।