ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হলেও বিষয়টি আজ শনিবার প্রকাশ্যে আসে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এবং সরকারের সিদ্ধান্তের আলোকে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি। এর পরবর্তী দুই দিন সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি থাকায় টানা কয়েক দিনের ছুটিতে যাচ্ছে দেশ।