হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস আর কনকনে শীতে কাঁপছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
এর আগে, সোমবার (১২ জানুয়ারি) দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শীতের এ সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ থেকে ২৮ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। একই সঙ্গে রাত ও দিনে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা থাকতে পারে।