ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Posted by

তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর ফার্মগেট মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার (৪ জানুয়ারি) সোয়া ১০টার পর তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ের চারদিক ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। এতে ফার্মগেট ও আশপাশের সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি। তবে মানবিক বিবেচনায় অ্যাম্বুলেন্স, ওষুধ সরবরাহকারী যানবাহন এবং গণমাধ্যমকর্মীদের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর, ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই সাকিবুল হাসান রানার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *