বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন না। তবে অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বাংলাদেশের পক্ষ থেকে মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সূত্র জানায়, মোদি এআই ইম্প্যাক্ট সামিট-এ ব্যস্ত থাকায় নিজে আসতে পারছেন না। তবে প্রতিনিধি হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠাচ্ছেন।
উল্লেখযোগ্য, এর আগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের পক্ষ থেকে এস জয়শঙ্কর ঢাকায় উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান।
কূটনৈতিক সূত্র জানায়, শপথ অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যেই সার্কভুক্ত দেশসহ কয়েকটি দেশের সরকার প্রধানদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
সূত্র বলেছে, মোদি বিজয়ের পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন।







Leave a Reply