পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়েটা শহরে শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (২৪ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও সহায়তা দল মোতায়েন করা হয়। বিস্ফোরণের কারণে তিনটি বগি লাইনচ্যুত হয়, যার মধ্যে একটি ছিল ইঞ্জিনযুক্ত বগি।
রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার কিছুক্ষণ পর কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়ার পথে চামান ফটকের কাছে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় দুটি বগি উল্টে যায় এবং আশপাশের কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ঘটনাস্থলের কাছে পার্ক করা একাধিক গাড়িতে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এদিকে এআরওয়াই নিউজ স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, এটি পাকিস্তানি সামরিক সদস্যদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলা।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ঘটনাটিকে কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছেন।