ইউক্রেনের রাতভর চালানো ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ।
রোববার (১৭ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন থেকে ছোঁড়া ৫৫৬টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ বলেন, ড্রোন হামলায় খিমকি এলাকায় একটি বাড়িতে এক নারী নিহত হন। পাশাপাশি মিতিশচি জেলার পোগোরেলকি গ্রামে আরও দুজন প্রাণ হারান। হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলেও তিনি জানান। এতে বেশ কিছু বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৯ মে থেকে ১১ মে পর্যন্ত তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর ছিল। ওই সময় শেষ হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে, যা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে।