ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেন, ইরানের রাজনৈতিক ও সামরিক সক্ষমতা দুর্বল করা এবং পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্য এখনো পুরোপুরি অর্জিত হয়নি। বিশেষ করে ইউরেনিয়াম মজুত ও পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসের অভিযান চলমান রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ সময় তিনি এমন মন্তব্য করেন, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছেন।
এর আগে ১৫ মে (শুক্রবার) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়া জরুরি নয়, বরং এটি রাজনৈতিক ও জনসংযোগগত দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। একদিকে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিচ্ছে, অন্যদিকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থানে অনড় রয়েছেন। এই মতবিরোধ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।