ইরানের তেল অবৈধভাবে চীনে রপ্তানিতে সহায়তার অভিযোগে তিন ব্যক্তি ও নয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১২ মে) দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি চারটি হংকংভিত্তিক, চারটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এবং একটি ওমানভিত্তিক প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠান এবং আইআরজিসির কর্মকর্তারা ইরানের অবৈধ তেল রপ্তানি কার্যক্রমে জড়িত ছিলেন। মার্কিন প্রশাসনের দাবি, এই নেটওয়ার্কটি ইরানের পক্ষ থেকে তেল বিক্রি ও বিদেশে রপ্তানিতে সক্রিয়ভাবে কাজ করছিল।
ওয়াশিংটনের অভিযোগ, ইরান তেল বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ জনগণের কল্যাণে ব্যয় না করে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করছে।
এর আগে, গত শুক্রবারও যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।