মার্কিন নৌ অবরোধ অমান্য করে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবেশ করেছে একটি ইরানি সুপার ট্যাঙ্কার। জাহাজ পর্যবেক্ষণ সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স ডটকম এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন ‘HUGE’ নামের জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার আনুমানিক বাজারমূল্য ২২ কোটি ডলারেরও বেশি।
ট্যাঙ্কার ট্র্যাকার্স ডটকম জানায়, জাহাজটিকে সর্বশেষ এক সপ্তাহেরও বেশি সময় আগে শ্রীলঙ্কার উপকূলে দেখা গেছে।
বর্তমানে জাহাজটি লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করলে জাহাজটি তখন নিজ দেশের জলসীমায় অবস্থান করছিল।